টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় চালকসহ আরও দুজন আহত হন।
শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর টিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার আট মাস বয়সী মেয়ে তাজরি কবীর প্রিয়ম। তারা ঢাকার মিরপুর শাহআলী থানা এলাকায় বসবাস করতেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হয়।
এ সময় আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


