বাংলাদেশের টি-টোয়েন্টি সেট আপের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করলেন দারুণ এক সেঞ্চুরিতে। শুক্রবার সিলেট টাইটান্সের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তার ১০১* রানের দুর্দান্ত এক ইনিংসে ৮ উইকেটের দারুণ জয়ে টুর্নামেন্টও শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। দুইয়ে মিলে ম্যাচ সেরা শান্ত।
এর সাথে আরো একটা প্রশ্নও উঠে গেল, সর্বশেষ ২০২৫ সালের মে মাসে টি-টোয়েন্টি খেলা শান্ত এভাবে পারফর্ম করলে শেষ পর্যন্ত আসন্ন শ্বকাপের দলে তার জায়গা হবে কি না। যদিও সিলেটের বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন অতদূর না ভেবে নজর রাখছেন বর্তমানেই। সোজা জবাবেই জানিয়েছেন, শান্তর এমন পারফরম্যান্স তাদের অর্থাৎ টপ অর্ডারের তানজিদ তামিম, সাইফ হাসানদের জন্য কিছুটা হলেও চাপের। অবশ্য এটাকে চাপ না বলে, ‘হেলদি কম্পিটিশন’ হিসেবেই দেখতে চান তিনি।
ইমনের ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভার ১৯০ রানে থামে সিলেট। যদিও শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে ইমন আর সিলেটের অর্জন। শান্তর এই ইনিংসের মূল্যায়ন ও বিশ্বকাপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আসা ইমন বলেন, ‘চাপ, চাপ আসলে চিন্তা না করে এটাকে একটা হেলদি কম্পিটিশন হিসেবে দেখি।’
‘হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশ টিম যদি ভালো রেজাল্ট করতে চায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কেউ যদি জেনেই যায় আমি ঐ জায়গায় ফিক্সড, তাহলে টিম খুব ভালো একটা করবে বলে মনে হয় না। অবশ্যই এই জিনিসটা থাকা ইম্পর্টেন্ট’, আরো বলেন ইমন।


