নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এতে মদনপুর-মদনগঞ্জ সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও সিএনজি-অটোরিকশাচালকরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে।
তাদের অভিযোগ, বহুদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী ও পরিবহনচালকেরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
তিনি বলেন, ‘অটোরিকশাচালক ও এলাকাবাসীর দাবি যৌক্তিক। বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। কাজ নির্ধারিত সময়ের আগেই কীভাবে শুরু করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির সংস্কারকাজের জন্য প্রায় সাড়ে সাত কোটি টাকার প্রকল্পের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আশা করছি, আগামী আগস্টের প্রথম সপ্তাহে কাজ শুরু করা যাবে।’
তিনি আরও জানান, বিভিন্ন প্রশাসনিক ও অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এখন প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে এবং দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি চলছে।”
পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।


