গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, ‘একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।’
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত হয়।
আলী রীয়াজ জানান, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
এ সময় সভায় ফেব্রুয়ারির গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে মোবাইল ও বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে গণভোটভিত্তিক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে।
সভায় আরও জানানো হয়, এ সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রমুখ।


