পরিবর্তিত প্রযুক্তিগত বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রথাগত কার্যক্রম আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড, বিশেষ করে দুর্যোগকালীন নির্ভুল তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছাতে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মকর্তাদের সক্রিয় হতে হবে। ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলার মাধ্যমে তথ্যপ্রবাহ পরিচ্ছন্ন রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ মোকাবিলাবিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্য অক্সিজেনের মতো অপরিহার্য। জনগণ সহজে সঠিক তথ্য পাবে, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য। মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা তথ্যপ্রবাহ গতিশীল ও নির্ভুল রাখতে সক্রিয় হবেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রেরণ ও জনগণের সঙ্গে যোগাযোগ ডিজিটাল ব্যবস্থায় পরিচালনা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, অতীতে জেলা তথ্য কর্মকর্তাদের কাজ ছিল প্রজেক্টর ও প্রচারযান নিয়ে সচেতনতা তৈরি। বর্তমান বাস্তবতায় এর পাশাপাশি ডিজিটাল যোগাযোগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক মাধ্যমগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সরকারের কার্যক্রম যথাসময়ে তুলে ধরতে না পারলে বিভ্রান্তি তৈরি হয়। মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তরকে (পিআইডি) যৌথভাবে প্রতিদিন তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রচারের নির্দেশনা দেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের তথ্যের নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালু করা প্রয়োজন, যাতে সবাই সর্বশেষ তথ্য জানতে পারে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্যোগের তথ্য বিশ্লেষণভিত্তিক ও প্রমাণসমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির প্রকৃতি, স্থানভিত্তিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান জানান।
সভায় দেশের বিভিন্ন জেলার বৃষ্টিপাত, বন্যা ও ত্রাণ বিতরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা তথ্য কর্মকর্তারা সভায় অংশ নেন।


