বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শন করেছেন।
সোমবার পরিদর্শনকালে তিনি ভিসা সেবার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন। ওই সময় ভিসা সেন্টারে ভিড় লক্ষ্য করা যায়, যেখানে আবেদনকারীদের বড় অংশই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন।
গত সপ্তাহে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় গুরুতর নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে জামুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হয়। পরে কেন্দ্রটি পুনরায় চালু করা হলে, ওই দিনের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টধারী সব আবেদনকারীকে আগাম বিকল্প সময় দেওয়া হয়।
হাইকমিশন সূত্র জানায়, অনেক ভিসা আবেদনকারী গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। মানবিক এই প্রয়োজন বিবেচনায় এবং পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ঢাকাসহ খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
তবে চট্টগ্রামে অবস্থিত ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রবেশমুখে সংঘটিত হামলার সময় পাথর নিক্ষেপ ও প্রবেশপথ ভেঙে ফেলার হুমকির কারণে সেখানে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
একই প্রাঙ্গণে কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তাদের আবাস থাকায় নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভিসা সে আইভিএসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় আইভিএসি কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, বিপুল পরিমাণ ভুয়া নথি জমা পড়ছে এবং দালাল ও মধ্যস্বত্বভোগীরা ভিসা সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। এতে প্রকৃত আবেদনকারীরা নির্ধারিত স্লট থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা সংশ্লিষ্ট সমস্যাগুলো বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করার আশ্বাস দেন।


