ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস দুই চাকার যানের সঙ্গে সংঘর্ষের পর তাতে আগুন ধরে যায়। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাকবলিত ভলভো বাসটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করে। ভোর সাড়ে ৩টার দিকে জাতীয় মহাসড়কের কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা গ্রামের কাছে পৌঁছলে একটি দুই চাকার যান ওই বাসের নিচে চাপা পড়ে আটকে যায়।
সেখান থেকেই বাসে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ। তারা জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাস থেকে পালিয়ে যান এবং খুব অল্প সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। বাসটি এসি বাস হওয়ায় যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।
বাসের ৪০ জন যাত্রীর মধ্যে ১৫ জন জানালা ভেঙে বের হয়ে আসেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দিয়ালের টিডিপি দলের সাংসদ বাইরেড্ডি শাবরি জানান, দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। আগুন থেকে বিস্ফোরণও ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছে কুরনুল জেলার পুলিশ সুপার ভিক্রান্ত পাটিল এনডিটিভিকে বলেন, ‘ভোর ৩টার দিকে কাভেরি ট্রাভেলসের একটি ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এটি একটি দুই চাকার গাড়িকে ধাক্কা দিলে তা বাসের নিচে আটকে যায়। সেই থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণের কাজ করছে। অনেকের মরদেহ সম্পূর্ণ দগ্ধ হওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রূপি এবং আহতদের জন্য ৫০ হাজার রূপি সহায়তা ঘোষণা করেছেন। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছেন বলেও জানান তিনি।
এর আগে দুর্ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।


