গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে কাশিমপুরের শৈলডুবী এলাকায় সুপ্রিম পোশাক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে।
খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সোয়া ১০টায় আগুন লাগার খবর পায় তারা। পরে ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।


