চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন-বেইজিং শুল্কযুদ্ধের মধ্যেই আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘শিগগিরই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং।’
রয়টার্সের খবরে বলা হয়, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় গিয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প ও শি। ওই সম্মেলন উপলক্ষ্যেই দক্ষিণ কোরিয়া যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দুই নেতা।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর প্রায় তিনবার দুই নেতার ফোনালাপ হলেও এটিই শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎ। তাদের শেষ মুখোমুখি বৈঠক হয়েছিল ২০১৯ সালে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে।
সম্প্রতি চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ও রেয়ার আর্থ (দুর্লভ খনিজ) নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থতিতে ট্রাম্প-শি বহুল প্রতীক্ষিত বৈঠকটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কয়েক সপ্তাহ ধরেই এই বৈঠকের প্রস্তুতি চলছিল।
এর আগে এক হুঁশিয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চীন যদি তাদের রেয়ার আর্থ (দুর্লভ খনিজ) যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ প্রত্যাহার কিংবা শিথিল না করে, তাহলে নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শতভাগ শুল্ক আরোপ করা হবে।
গত সপ্তাহেই ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের একটি দীর্ঘ বৈঠক নির্ধারিত আছে। আমরা আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং সম্পদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি মনে করি, কিছু একটা ঠিকই হবে। আমাদের সম্পর্ক ভালো, তবে এটি হবে একটি বড় বৈঠক।’
চীনের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ, শুল্ক, ফেন্টানিল পাচারসহ অন্য সমসাময়িক ও জটিল ইস্যু সমাধানে সরাসরি শি’র সঙ্গে কথা বলাই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন ট্রাম্প।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এশিয়া সফরের অংশ হিসেবেই ট্রাম্প আগামী রোববার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের মধ্যে জাপানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

