জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তার স্বাস্থ্যগত বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন না দেওয়ার আর্জি জানান।
জামিন আবেদনে আসামি লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যার দায়ে অন্য মামলায় প্রথমে গত বছরের আগস্টে গ্রেপ্তার হন হুমায়ুন কবির । এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
মামলার অপর আসামিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
উল্লেখ্য, হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।


