নারায়ণগঞ্জ থেকে অপহৃত ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ফুলছড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সোমবার সকালে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে শিশু মাইশা নিখোঁজ হয়। রোববার বিকালে শিশুটির ছবিসহ অপহরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
রোববার বিকালে ফুলছড়ি ইউনিয়নে যাওয়ার সময় শিশুটির কান্না এবং যুবকের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে যুবকটি অসংলগ্ন কথাবার্তা বললে স্থানীয়রা তাকে ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাড়িতে নিয়ে যান। সেখানে আর এক দফা জিজ্ঞাসাবাদের পর ওই যুবক শিশুটিকে অপহরণ করার কথা স্বীকার করে।
ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খবরের সূত্র ধরে স্থানীয়রা অপহরণকারীকে আটক করে আমাদের খবর দেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি অপহরণের বিষয়টি স্বীকার করেছে।’
তিনি আরও জানান, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তারা এসেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


