পরিবহনব্যবস্থায় লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল ফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসের অবস্থান এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সম্ভাব্য সময় জানতে পারবেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালুর ফলে বাসের অবস্থান সম্পর্কে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে পরিবহন ব্যবস্থায় সময়ের সাশ্রয় হবে এবং যাতায়াত আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি বাসের গতিবিধি পর্যবেক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, ‘আইট্র্যাকার’ ব্যবস্থার মাধ্যমে কোনো বাস নির্ধারিত রুটের বাইরে গেলে তা শনাক্ত করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যবস্থায় জবাবদিহিতা বাড়ার পাশাপাশি জ্বালানি ও পরিচালন ব্যয়ের অপচয় কমানো যাবে। জরুরি পরিস্থিতিতে বাসের অবস্থান দ্রুত শনাক্ত করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে জাকসু কাজ করছে। এরই ধারাবাহিকতায় ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর উদ্যোগের পাশাপাশি এবার বাসের জন্য লাইভ ট্র্যাকিং সেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সেবার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনেই জানতে পারবেন কোন বাস কোথায় রয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে আনুমানিক কত সময় লাগবে। এতে অপেক্ষার সময় কমার পাশাপাশি যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

