হুমায়ূন আহমেদ শুধু সাহিত্যিক হিসেবেই না, টেলিভিশন নাটকে অনন্য ভূমিকা রেখেছেন। উপন্যাস ও ছোটগল্পের বাইরে নাটকের চিত্রনাট্যেও তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব এক ভাষা—সহজ সংলাপ, চেনা মধ্যবিত্ত জীবন আর অন্তর্গত রসবোধ। বাকের ভাই থেকে শুরু করে মুনা কিংবা ফুফু চরিত্র, তার তৈরি করা মানুষগুলো দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছিল। তার লেখা ও পরিচালিত নাটকগুলোর মধ্য থেকে সাতটি কালজয়ী নাটক নিয়ে আজকের এই আয়োজন।
এইসব দিনরাত্রি (১৯৮৫)
হুমায়ূন আহমেদের লেখা প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। বিটিভিতে প্রচারিত এই নাটকে উঠে আসে এক মধ্যবিত্ত পরিবারের গল্প, যার কেন্দ্রে ছিল লিউকোমিয়ায় আক্রান্ত শিশু টুনি। পরিবারের সদস্যদের পারস্পরিক টানাপোড়েন আর ভালোবাসার এই বয়ান দর্শকদের এক ভিন্ন ধরনের নাটকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা পরবর্তী সময়ে টেলিভিশন ধারাবাহিকের ধারায় পরিবর্তন করে দেয়।

বহুব্রীহি (১৯৮৮)
হাস্যরসের আড়ালে সমাজের নানা অসংগতি তুলে ধরা বহুব্রীহি হুমায়ূন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য একটি টিয়া পাখি মুখে বসানো ‘তুই রাজাকার’ সংলাপ পরবর্তীকালে জাতীয় প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। আসাদুজ্জামান নূরসহ একঝাঁক অভিনয়শিল্পী অভিনীত নাটকটি আজও দর্শকপ্রিয়।
অয়োময় (১৯৮৮)
সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অয়োময় জমিদারতন্ত্রের পড়ন্ত বেলার গল্প বলে। জমিদার পরিবারের অন্দরমহলের টানাপোড়েন আর কালের বিবর্তনের ছবি এই নাটকে যেভাবে ফুটে উঠেছিল, তা হুমায়ূন আহমেদের ভিন্ন এক নির্মাণশৈলীর পরিচয় দেয়। আসাদুজ্জামান নূরের ‘মির্জা’ চরিত্রটি আজও দর্শকের স্মৃতিতে অমলিন।

কোথাও কেউ নেই (১৯৯২-৯৩)
বাংলাদেশের নাটকের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি বাকের ভাই, যার জন্ম কোথাও কেউ নেই নাটক থেকে। নগরজীবনের এক তরুণকে ঘিরে তৈরি এই নাটকের ফাঁসির রায় ঘোষণার পর দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বাংলাদেশের সম্প্রচার-ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে আছে। আসাদুজ্জামান নূর অভিনীত বাকের ভাই চরিত্রটি আজও এক কিংবদন্তি।

নক্ষত্রের রাত (১৯৯৫)
নিজের উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকে হুমায়ূন আহমেদ তুলে ধরেন মধ্যবিত্ত পরিবারের সম্পর্কের জটিলতা আর নাগরিক জীবনের একাকিত্ব। কাব্যিক সংলাপ আর বাস্তবতার মিশেলে গড়া এই নাটক তার জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি হিসেবে দর্শকমহলে সমাদৃত হয়েছিল।

আজ রবিবার (১৯৯৯)
একান্নবর্তী পরিবারের খুনসুটি আর সম্পর্কের উষ্ণতা নিয়ে নির্মিত আজ রবিবার হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় পারিবারিক নাটক। ছুটির দিনের ঘরোয়া আবহে বোনা এই গল্প রসবোধ আর আবেগের চমৎকার মিশ্রণে দর্শকদের মন জয় করে নেয়।

উড়ে যায় বকপক্ষী (২০০৪)
এই নাটকে দেখানো হয়েছে গ্রামের অতি দরিদ্র একটি গানের দল ও তাদের জীবনযাপনের ইতিহাস। যাদের নুন আনতে পান্তা ফুরায়। তার পরেও তারা করে চলেন তাদের যাপিত জীবনের সংগ্রাম। ওস্তাদ জালাল খাঁ চরিত্রে রিয়াজের অভিনয় আজও দর্শক হৃদয়ে অম্লান।


