‘আর্টিকেল ৩৭০’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবার সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান নেন করেন তিনি।
দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, জীবনের অন্যতম বড় এই স্বীকৃতি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামি জানান, এই বিশেষ মুহূর্তের অনুভূতি তিনি এখনো পুরোপুরি উপভোগ করে উঠতে পারেননি।

ইয়ামি বলেন, ‘যেকোনো শিল্পী, যিনি সারাজীবন ধরে কঠোর পরিশ্রম করেন, তার কাছে এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। যারা চোখে স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার হয়ে আমি এ কথা বলছি–জীবন কখন কাকে কী দেবে, কেউ জানে না।’
জাতীয় পুরস্কার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে ইয়ামি জানান, এখনো তার অনেক কিছু শেখার এবং অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। তিনি বলেন, ‘আপনি শুধু কঠোর পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান, একদিন না একদিন এমন মুহূর্ত আসবেই… এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে এত বড় সম্মান পেয়ে সত্যি খুব গর্ববোধ হচ্ছে।’

আদিত্য সুহাস জামভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। চিত্রনাট্য লিখেছেন আদিত্য ধর, মোনাল থাক্কর ও অর্জুন ধাওয়ান। ইয়ামি গৌতম ও প্রিয়ামণি ছাড়াও অভিনয় করেছেন স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কর্মরকার।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটি প্রায় ২০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়ে বক্স অফিসে ১১০ কোটি রুপির বেশি আয় করে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পাশাপাশি ‘আর্টিকেল ৩৭০’ সেরা ফিচার ফিল্ম এবং শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন।


