রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন

রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে পরিবারের হয়ে মৃত্যুর খবর জানানো হয়েছে।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। শেষকৃত্যের সময়সূচিও প্রকাশ করেনি পরিবার। এক বিবৃতিতে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

রানীর অভিনয়জীবনে কৃষ্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে রানী জানিয়েছেন, মা-ই তাকে অভিনয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। প্রথম স্ক্রিন টেস্ট দেখে কৃষ্ণা অবশ্য মেয়ের অভিনয় নিয়ে হতাশ হয়েছিলেন। পরে রানীর সফল ক্যারিয়ার সেই ধারণা বদলে দেয়।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতেও মায়ের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন রানী। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, সন্তানকে হাতে করে খাওয়ানো ও যত্ন নেওয়ার মতো মায়ের অভ্যাস চরিত্রটির আবেগ ও আচরণে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন

কৃষ্ণা মুখার্জি নিজেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা ও হিন্দি ছবিতে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। ‘মোমের আলো’, ‘হাইওয়ান’, ‘তিসরি আঁখ’ ও ‘তোমার রক্তে আমার সোহাগ’ ছবিতে তাঁর প্লেব্যাকের তথ্য পাওয়া যায়। ‘ইসি কা নাম জিন্দেগি’ ছবিতে পোশাক-পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

কৃষ্ণার স্বামী ছিলেন পরিচালক রাম মুখার্জি। তিনি ফিল্মালায়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ‘হাম হিন্দুস্তানি’ ও ‘লিডার’সহ বিভিন্ন ছবি পরিচালনা করেন। ১৯৯৬ সালের বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে রানীর চলচ্চিত্রে অভিষেক হয়। ছবিটির পরিচালক ও প্রযোজক ছিলেন তাঁর বাবা।

‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অউর বাবলি’ ও ‘কভি আলবিদা না কেহনা’সহ বহু ছবিতে অভিনয় করে পরিচিতি পান রানী। সর্বশেষ ‘মর্দানি ৩’ ছবিতে তাকে দেখা গেছে।

ব্যক্তিজীবনে নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রানী। তাদের মেয়ে আদিরা। মায়ের মৃত্যুর পর পরিবার ব্যক্তিগত পরিসরে শোক পালন করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad