অভিনয়ের বাইরে হাসান মাসুদের পরিচয় আরও নানা ক্ষেত্রে। একসময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। পরে সাংবাদিকতা করেছেন। এরপর অভিনয়ে এসে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে বেশ অনিয়মিত।
সম্প্রতি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন হাসান মাসুদ। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে দায়িত্ব নিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারমূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।
নতুন চাকরিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন হাসান মাসুদ?
এর আগে অভিনয় ছাড়ার গুঞ্জনও উঠেছিল তাকে ঘিরে। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না। হজ শেষে ধর্মের পথে মনোযোগ দিতে চান তিনি।
পরে বিষয়টি পরিষ্কার করে হাসান মাসুদ জানান, চিরতরে অভিনয় ছাড়ার কথা তিনি বলেননি। ভালো কনটেন্টের অভাবেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না।
কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর হজ শেষে একটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবরের পর ফের অভিনয় ছাড়ার আলোচনা শুরু হয়েছে। তবে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি হাসান মাসুদ।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে নাটকেও নিয়মিত অভিনয় করেন। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। অভিনয়, সাংবাদিকতা, সংগীতের পর এবার করপোরেট জগতেও যুক্ত হলেন এই অভিনেতা।


