মারা গেছেন বিটিভি-র সাবেক  মহাপরিচালক রেজাউল করিম রবু

মারা গেছেন বিটিভি-র সাবেক  মহাপরিচালক রেজাউল করিম রবু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক রেজাউল করিম রবু মারা গেছেন।

রোববার দুপুর দেড়টার দিকে বার্ধক্যজনিত জটিলতায় তিনি মারা যান।

রাজশাহীর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া রেজাউল করিমের কর্মজীবন ছিল টেলিভিশন, সংগীত ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। দীর্ঘ কর্মজীবনে তিনি অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিটিভির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। সংগীতের প্রতি ভালোবাসা থেকে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হন। সেখানে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করতেন তিনি। তার পরিবেশনা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষে থাকা মানুষের মনোবল বাড়াতে ভূমিকা রেখেছিল।

পরবর্তী সময়ে সরকার মুক্তিযুদ্ধে তার অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২০১৬ সালের ১৬ নভেম্বর প্রকাশিত গেজেটে তাকে সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শিল্পী ও সম্প্রচারককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণের রেজাউল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিটিভিতে দীর্ঘ সময় অনুষ্ঠান প্রযোজনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেন তিনি। পরে বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।

বিটিভি থেকে অবসর নেওয়ার পর রেজাউল করিম রবু বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উৎসবকেন্দ্রিক আয়োজনসহ নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনায় ভূমিকা রাখেন তিনি।

তার মৃত্যুতে সাবেক সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad