বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রাত ৮টার পর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের মোটরবাইক ও বহিরাগত যানবাহন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রোববার বিকাল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী।
নিরাপত্তা নির্দেশনার বিষয়ে প্রক্টর জানান, আজ রাত ৮টার পর থেকে বিশ্ববিদ্যালয় অনুমোদিত নয় এমন কোনো বাইক বা গাড়ি ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। খেলা দেখার উদ্দেশ্যে কেউ আসতে চাইলে তাকে হেঁটে প্রবেশ করতে হবে। তবে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের যাদের বাইক ক্যাম্পাসে জরুরি প্রবেশ করানো প্রয়োজন, তারা যেন নির্ধারিত সময়ের আগে তা ভেতরে নিয়ে নেন।
প্রক্টর আরও জানান, জরুরি প্রয়োজনে কোনো শিক্ষার্থীর ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। তবে রাত ১১টার পর এই প্রবেশাধিকার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


