উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান অব্যাহত রাখার যুক্তিতে ঋণসুবিধা-সংক্রান্ত আইনি বিধিনিষেধ থেকে এবার শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে বিশেষ অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটি ১০০ শতাংশ মার্জিনে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে।
এটি বর্তমান সরকারের আমলে দেওয়া এমন দ্বিতীয় সুবিধা। এর আগে আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে একই সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তফসিলি ব্যাংকগুলোর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে আইনের ২৭কক (৩) ধারার বিধান ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না। এই অব্যাহতি শুধুমাত্র সোনালী ব্যাংকের মাধ্যমে কাঁচামাল আমদানির উদ্দেশ্যে ১০০ শতাংশ মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, ঋণখেলাপি প্রতিষ্ঠান বা খেলাপি ঋণের জামিনদাতারা নতুন ঋণসুবিধা বা এলসি খোলার সুযোগ পান না। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে শাইনপুকুর সিরামিকস ওই বিধিনিষেধ থেকে সাময়িকভাবে অব্যাহতি পেল।
তবে এই সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকসের সব আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।
এ ছাড়া এই ঋণসুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এ সুবিধা থেকে কোনো আর্থিক ঝুঁকি তৈরি হলে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
এর আগে গত ৬ জুলাই বাংলাদেশ ব্যাংক একই ধরনের বিশেষ অব্যাহতি দিয়েছিল আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে। সেই সিদ্ধান্তে প্রতিষ্ঠানটিকে ১০০ শতাংশ মার্জিনে আমদানি এলসি খোলার সুযোগ দিতে ব্যাংক কোম্পানি আইনের একই ধারা থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়


