পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার রাতে অভিযুক্ত আমিনুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুরা অভিযুক্তকে ‘দাদু’ ডেকে তার বাড়িতে খেলতে যেত। পরিবারের অনুপস্থিতির সুযোগে
বিস্কুটের লোভ দেখিয়ে তিনি তাদের নিজ শয়নকক্ষে ডেকে নিতেন। সেখানে শিশুদের জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ঘটনা গোপন রাখতে এবং কাউকে না জানাতে শিশুদের প্রাণনাশের হুমকি দিতেন তিনি। গত শুক্র ও শনিবার ওই শিশুকে ধর্ষণ করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে এক শিশুর মা জানান, শিশুদের অস্বাভাবিক কান্নাকাটি দেখে জিজ্ঞাসাবাদের পর ছোট শিশুটি ব্যথার কথা বলে পুরো ঘটনা খুলে বলে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাদের পঞ্চগড় একটি হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের ডা. মাছুদ হাসান জানান, দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন ও শারীরিকভবে সুস্থ আছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় দুটি পৃথক মামলার এজাহার দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।


