রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনে ‘জাতীয় যুবনীতি ২০১৭’ সংশোধনে জাতীয় ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ভিএসও বাংলাদেশের সহযোগিতায় এতে নীতি সংশোধনের পরামর্শ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক । তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিই হবে সংশোধিত যুবনীতির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবধর্মী ও মানবিক বাংলাদেশ গড়ায় কাজ করছি। যুবকদের আস্থা অর্জন জরুরি। দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে। সেখানে তরুণদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল ভাবনা অগ্রাধিকার পাবে।’
ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘তরুণরা ব্যবসা, উদ্ভাবন ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। নতুন নীতিতে প্রতিটি অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা দরকার। যুগোপযোগী নীতি প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও জরুরি।’
মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন, যুব অনুবিভাগের যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও তরুণরা উপস্থিত ছিলেন।


