মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় এক যুবকের বাড়ি ও বাড়ির পাশে থাকা মাজারে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ২ হাজার ২০০ জনকে।
হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। তিনি বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। কাজ কিছুদূর করার পর বিস্তারিত বলা ঠিক হবে।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় এক যুবকের বাড়ি ও বাড়ির পাশে থাকা মাজারে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কটূক্তির অভিযোগ ওঠা মহসিন (৩৫) কুমিল্লা হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।
স্থানীয়রা জানান, ‘বেমজা মহসিন’ নামে একটি ফেসবুক আইডিতে বুধবার সকাল ১১টার দিকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করলে মহসিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে মহসিনের বাড়ি ও কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ, আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


