মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে আহত ৫

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে আহত ৫
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসার সঙ্গে লাগোয়া ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘হঠাৎ করেই মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।’

আহতদের মধ্যে চারজন হলো- আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। আহত অপর শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা জানি না।’

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ‘মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর তা জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad