এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক রয়েছে, তারা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়।
এসব সদস্যদের মধ্যে আছেন- শেখ রেহানা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
শেখ হাসিনার ভোট দেওয়ার বিষয়টি জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তার এনআইডি লক রয়েছে, তাই তিনি ভোট দিতে পারবেন না। যাদের এনআইডি লক থাকে, তারা ভোট দিতে পারবেন না। তবে যারা মামলা বা অন্য কারণে বিদেশে আছেন এবং তাদের এনআইডি আনলক রয়েছে, তারা ভোট দিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন, তবে তাদের এনআইডি নম্বর বাধ্যতামূলক হবে, পাসপোর্ট নয়। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন, কেবল তারা এই সুযোগ পাবেন।’
ইসি সচিব জানান, সংসদ নির্বাচনে দেশীয় ও প্রবাসী ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন এবং এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা ভারতে চলে যান। দলের অনেক শীর্ষ নেতা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে তাদের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে, তবে তাদের ভোটাধিকার অক্ষুণ্ন রয়েছে। তবে যারা বিদেশে আছেন এবং এনআইডি লক আছে, তারা ভোট দিতে পারবেন না।


