টাঙ্গাইলের সখিপুরে গলায় রুটি আটকে আনিকা জান্নাত (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সূর্যতরুন শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সানবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিকা উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে মামাত বোনের সঙ্গে সে রুটি খাচ্ছিল। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


