হত্যাকাণ্ডের শিকার ইতালি প্রবাসী বাংলাদেশি পরিবারটির তিন সদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাবা, মা ও ছোট বোনকে হারিয়ে বেঁচে যাওয়া একমাত্র সন্তান আমির হোসেন অয়ন চৌধুরী নিহতদের মরদেহের সঙ্গে দেশে ফিরছেন।
ইতালি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহের কফিন নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে। বিমানটি পরদিন বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
গত ২৬ জুন রোমের ভিয়া মন্তিলিও এলাকার একটি ফ্ল্যাটে হামলায় নিহত হন অয়ন চৌধুরীর বাবা কামাল উদ্দিন, মা মমতাজ বেগম ও ছোট বোন আরিশা। ওই হামলায় গুরুতর আহত হয়ে অয়ন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠার পর দূতাবাসের সহায়তায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
ইতালিতে চিকিৎসার শুরু থেকেই রোমে বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। একই সঙ্গে অয়ন চৌধুরী যেন দ্রুত সুস্থ হয়ে ন্যায়বিচার পান, সে বিষয়েও দূতাবাস ইতালির কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।


