সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাড়িতে ভাঙচুর-লুটপাটের পর চারটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোহাম্মদ ইমরান আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, বালু মহলের দখল ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় দুই গ্রুপ ইটপাটকেল নিক্ষেপসহ টিনশেডের বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে চারটি বসতঘর পুড়িয়ে দেয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও ইটপাটকেল ছুঁড়তে থাকে সংঘর্ষকারীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়িয়ে দেওয়া বসত ঘরগুলোর মালিক হলেন- আব্দুল জব্বারের সমর্থক রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা ও জাতীয় পার্টি স্থানীয় নেতা সজীব।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে আটক করা হয়।

সংঘর্ষ ও বাড়িঘর পোড়ানোর ঘটনায় আহত তিন জনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad