ডেঙ্গু: আরও ৪৮৮ জন হাসপাতালে

ডেঙ্গু: আরও ৪৮৮ জন হাসপাতালে
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এডিস মশাবাহী রোগে আরও নতুন করে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গত একদিনে মশাবাহিত এ রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা রয়েছে ৩০৭ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এ সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া গত একদিনে ঢাকা বিভাগে ৮৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৬৬, বরিশাল বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৪৬ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে, একই সময়ে ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জন মারা গেছেন। এর মধ্যে ১৬২ জন পুরুষ ও ১৪৫ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে, ১৪৮ জন।

আরও পড়ুন

পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটিতে ৪৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪১, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ১৩, খুলনা বিভাগে নয়, ঢাকা বিভাগে ছয় এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৫১৪ জন।  এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক সাত শতাংশ নারী রয়েছে।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে, ৭৬ জন। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়। আর নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন।

এ ছাড়া আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় মশাবাহিত এ রোগটিতে। মার্চ মাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অপরদিকে এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন রোগী।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad