‘ছাত্র সংসদে নির্বাচিতদের দায়িত্ব শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ না’

‘ছাত্র সংসদে নির্বাচিতদের দায়িত্ব শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ না’
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এদেশের তরুণেরা জাতির উপর জেঁকে বসা ফ্যাসিবাদ সরিয়েছে। তারাই আগামী দিনে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

শুক্রবার ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে আমরা দেখেছি ছাত্রসংসদে নির্বাচিতদের বেশিরভাগ অসৎ কাজে জড়িয়ে পড়তো। তাই বর্তমান ছাত্রসংসদে নির্বাচিতদের সততার পরীক্ষায় শতভাগ পাশ করে সামনে এগোতে হবে। এখানে এক ভাগ ফেলও এই জাতি দেখতে চায় না।’

শফিকুর রহমান বলেন, ‘ছাত্র সংসদের নির্বাচিতদের কাছে জাতির অনেক প্রত্যাশা। আপনাদের দায়িত্ব শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতির স্বপ্নসারথি হিসেবে এই স্বপ্নকে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির পাওনা আছে। আশা করি আপনারা সেই প্রতিদান দেবেন।’

আরও পড়ুন

জামায়াত আমির প্রত্যাশা রেখে বলেন, ‘আমি বিশ্বাস করি, এই ভারী, পর্বতসমান দায়িত্ব আপনারা অতিক্রম করতে পারবেন। যুবকদের নিয়ে জাতির যে আশা তৈরি হয়েছে, কারও কারও ভুলের মাধ্যমে সেখানে কিছু ভাটা পড়েছে। আমি চাই, এই ছাত্রসংসদ যেন সেটা পূরণ করবে।’

তিনি আরো বলেন, ‘দেশের ককপিটে আমরা তরুণদের বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে। পেছন থেকে আমরা দোয়া করবো ও শক্তি জোগাবো। ভুল করলে কানে কানে তোমাদের বলে সংশোধন করাবো। কথা না শুনলে বকা দেবো। যদি তাও না শুনো তাহলে সম্মানের সঙ্গে আসন থেকে জাতিকে সঙ্গে নিয়ে তোমাদের সরিয়ে দেবো। তোমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad