ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় সাতজন মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
চার্জশিটে বলা হয়েছে, মামলার আসামি মেহেদী, কবুতর রাব্বি ও রিপনরা যেন সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি না করে সেজন্য সাম্য ও তার বন্ধুরা নিষেধ করেছিল। এর কারণেই তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এই শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আখতার মোর্শেদ চার্জশিটে উল্লেখ করেছেন।
চার্জশিটে মেহেদী হাসানসহ সাত মাদক কারবারিকে আসামি করা হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুজন সরকার, তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার নামে চারজনকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গাজা বিক্রির দলনেতা মেহেদীসহ সাত জনের বিরুদ্ধে এ চার্জশিট তাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।


