বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেন, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। এই ডানহাতি পেসারের এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এই তদন্ত কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কাউকে চান না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তামিম লেখেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।
যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
একই সুরে কথা বলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’


