সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঠাকুরগাঁওয়ে চূড়ান্তভাবে নির্বাচিত ২৮৮ জনের মধ্যে ২৩৮ জন নিয়োগপত্র পেয়েছেন। তবে নিয়োগপত্র পাননি ৫০ জন। একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও ৫০ জন নিয়োগপত্র না পাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নিয়োগপত্র না পাওয়া ৫০ জনের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২১ জন, হরিপুরে ১৩ জন, পীরগঞ্জে ৬ জন, বালিয়াডাঙ্গীতে ৬ জন এবং রাণীশংকৈলে ৪ জন রয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন সদর উপজেলায়। এরপরই রয়েছে হরিপুর উপজেলা। অন্যদিকে পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে সমান ৬ জন এবং রাণীশংকৈলে ৪ জন নিয়োগপত্র পাননি।
নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই দাবি করেছেন, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও তারা নিয়োগপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের নিয়োগপত্র না পাওয়ার সুনির্দিষ্ট কারণও জানতে চান তারা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। কি কারণে বাদ পড়েছেন তার বিস্তারিত বলতে পারছি না। সংশ্লিষ্ট সংস্থা ভালো বলতে পারবে।’


