আখ একটি রসালো ও মিষ্টি জাতের খাবার। মাদারীপুরের আখ খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু হওয়ায় সব জেলার মানুষের কাছে খুব জনপ্রিয়। এই অঞ্চলে কৃষকরা আখ চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়ায় তাদের এটি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।
একসময়ে মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় প্রচুর পরিমাণে আখ চাষ হলেও এটি দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় তা চষে আগ্রহ হারিয়ে ফেলেছিল এখানকার কৃষকরা। কিন্তু গত কয়েক বছরের ধান, পাট ও ডাল জাতীয় ফসল চাষে উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য দাম পাওয়া নিয়ে শংকা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানী হওয়ায় তারা আবার আখ চাষে ঝুঁকছে। কারণ, এই ফসল চাষে ঝুঁকি কম এবং দামও ভালো পাওয়ায় মাদারীপুর জেলার রাজৈর, শিবচর, কালকিনি, ডাসার ও সদর উপজেলার কৃষকদের আখ চাষে আগ্রহ বাড়ছে। অন্যদিকে এটি একটি লাভজনক ফসল হওয়ায় কৃষি বিভাগ কৃষকদেরও প্রনোদনাসহ এটি ফলাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে ।
জানা গেছে, মাদারীপুর জেলায় বিভিন্ন এলাকায় ধান, পাটসহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে খরচ বেশি, বাজারে মূল্য কম ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম থাকায় আখ চাষ শুরু করেছে মাদারীপুরের কৃষক। প্রাকৃতিক দুর্যোগে আখের ফলন নষ্ট হওয়ার পরও মোট খরচের প্রায় তিনগুণ লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছে কৃষকরা। চলতি বছর মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় ৪৬৭ হেক্টর জমিতে আখ চাষ শুরু করেছে কৃষকরা। মাদারীপুর সদর উপজেলা ছিলারচর গ্রামের আখচাষী সাজেম মাতুব্বর জানান, ২৫ হাজার টাকার আখ চাষ করে চার লাখ টাকা লাভ হয়েছে তার। আখ চাষে লাভবান হওয়ায় বেজায় খুশি তিনি।
রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার কৃষক শহিদুল আকন বলেন, ‘আগে আমি জমিতে পাট, কলাই-সরিষা লাগাতাম। এতে অনেক কষ্ট। ক্ষেত পরিচর্যা করতে হিমসিম খেতে হত। আখ লাগিয়ে তেমন কঠোর কোনো পরিশ্রম করা লাগে না। আখ বিভিন্ন হাটে বিক্রি করে ছেলেপুলে নিয়ে ভালোই আছি।’
স্থানীয় কৃষক আবেদআলী, ইস্রাফিল, ছলেমান জানান, গত বছরের তুলনায় এ বছর আখে রোগ-বালাই কম হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আখের আবাদ ভালো হওয়াতে তারা আখের আবাদ করেন।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রহিমা খাতুন জানান, মাদারীপুরে যেহেতু চিনিকল নেই, তা ছাড়া এ এলাকার আখের রস ও গুড় খুবই জনপ্রিয়। তাই এ বছর আখ চাষীদেরকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আখ চাষে নতুন সম্ভাবনা দেখা দেওয়ায় জেলার অধিকাংশ কৃষক এ মওসুমে আখ চাষ করছেন। আখ চাষে মাদারীপুর জেলার কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হয়। ফলে তারা আখ চাষ করে গুড় তৈরি করে ও খুচরা বিক্রি করে লাভবান হচ্ছেন।
মাদারীপুরে আখ চাষে সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনূকুলে থাকায় চলতি বছর তেমন রোগ-বালাই দেখা দেয়নি। প্রতি বছরের ন্যায় এবছরও কৃষকরা ভালো দাম পেয়ে লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


