দেশজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন পর্যটন কেন্দ্রের মতো সাজেকে ভ্রমণের জন্যও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে পর্যটকদের। খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতকারী পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন এ ভাড়া কার্যকর করেছে পরিবহন মালিক সমিতিগুলো।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সাজেকের গাড়িভাড়া এক হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।
নতুন ভাড়ার তালিকা টিকিট কাউন্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকালে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসার ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এক রাত যাপন এবং নির্ধারিত বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজ ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খাগড়াছড়ি থেকে দেবতাপুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার ভাড়া ছয় হাজার ৫০০ টাকা।
নতুন তালিকায় খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়া-আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে পর্যটকদের অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হবে। অন্যদিকে খাগড়াছড়ি থেকে বান্দরবান যাওয়া-আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। এক রাত অবস্থান করলে এর সঙ্গে অতিরিক্ত তিন হাজার টাকা যোগ হবে।
নির্ধারিত ভাড়ার তালিকায় বলা হয়েছে, এসব ভাড়া একটি গাড়ির জন্য প্রযোজ্য এবং একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যাতায়াত করতে পারবেন। এ ছাড়া আনুষঙ্গিক খরচ হিসেবে সাজেকে প্রতিজন পর্যটকের জন্য ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা বহন করতে হবে। রাতে অবস্থান করা গাড়ি পরদিন সকালে না ফিরে বিকেলে ফিরলে নির্ধারিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা যোগ হবে।
ভাড়া বৃদ্ধির বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার পরিবহন সমিতিগুলোর নেতৃবৃন্দের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার দাবি, প্রতি লিটার তেলের যে দাম বেড়েছে, সেটিই ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত কোনো টাকা যাতে পর্যটকদের কাছ থেকে নেওয়া না হয়, সে বিষয়ে পরিবহন চালক ও শ্রমিকদের সতর্ক করা হয়েছে। তবে নতুন ভাড়ার তালিকার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা।


