স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।
রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি।
বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।’
দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার।’
খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে ১০ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।’
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


