আগস্টে ঢাকা-কক্সবাজার রুটে আরও ১ জোড়া নতুন ট্রেন

আগস্টে ঢাকা-কক্সবাজার রুটে আরও ১ জোড়া নতুন ট্রেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ আরও জোরদার করতে চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। নতুন ট্রেন চালুর মাধ্যমে এই রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। স্টেশনের সব ধরনের সুযোগ-সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু করতে এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করতে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে।’

আরও পড়ুন

হাবিবুর রশিদ আরও বলেন, দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও সম্প্রসারিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ও পর্যটন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী আইকনিক রেলস্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা কেন্দ্র, অপেক্ষমাণ কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা, টিকিটিং কার্যক্রম এবং চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে যাত্রীবান্ধব সেবা নিশ্চিত, অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র হওয়ায় এই স্টেশনকে আন্তর্জাতিক পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা হবে। যাত্রীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, ডিজিটাল সেবা ও আধুনিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad