রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের লিডার’ ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ছয়জনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন, সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্ছি রাসেল।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান রিমান্ডের এ তথ্য জানান।
এর আগে, গত মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাধন কুমার মন্ডল। ওইদিন আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করে আদালত। এদিন শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয়।
এদিকে, আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করে বাদিপক্ষ। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড আদেশ দেয়।
মামলায় অভিযোগে বলা হয়, গত ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে এলেক্স ইমনকে বাসায় রাখা মাছ নিয়ে আসতে সংবাদ পাঠায় তার শ্বশুড়। মাছ আনতে বাইরে যায় সে। বাসা থেকে বের হয়ে আড্ডা দিয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে পৌঁছালেই পূর্ব শত্রুতার জেরে তার উপর অতর্কিত হামলা চালায় বিরোধী পক্ষ। এ সময় তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে তারা। রক্তক্ষরণে জ্ঞান হারায় এলেক্স ইমন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ইমনের মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।


