ফ্রান্সের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ফ্রান্সের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা
বাংলাদেশি সেনা কর্মকর্তাকে ফরাসি সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড লেভেল’ প্রদান। ছবি: আইএসপিআর
Advertisement
Advertisement

প্রথমবারের মতো এক বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল-গোল্ড লেভেল’ দিয়েছে ফ্রান্সের সরকার।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লেট মঙ্গলবার তার বাসভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে এই সম্মাননা তুলে দেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই পদক পান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই এ সম্মানে ভূষিত হলেন।

ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২-২০২৩ সালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান, মালি থেকে পার্শ্ববর্তী দেশ নাইজার ও চাদে পুনর্বিন্যাসের ফলে মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের হাতে আসে। এ জটিল এবং সংবেদনশীল পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম নিরলসভাবে কাজ করে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুশৃঙ্খল মোতায়েন নিশ্চিত করে।

আরও পড়ুন

পরবর্তীতে, ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বাধীন লজিস্টিকস টিমের পেশাদারিত্ব, নিষ্ঠা, দলগত সমন্বয় এবং সূক্ষ্ম পরিকল্পনার ফলে সকল জাতিসংঘ সদস্য ও তাদের ব্যবহার করা অস্ত্র-সরঞ্জামাদি নিরাপদে ফেরত পাঠানো সম্ভব হয়।

আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনে তার এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার তাকে এ সম্মাননা দিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আজহার একজন অভিজ্ঞ শান্তিরক্ষী হিসেবে সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ বিভিন্ন দেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad