ঢাকার জুরাইনে দুর্বৃত্তের গুলিতে আহত ফার্নিচার দোকানের কর্মী শাহিন বেপারী (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি মারা যান।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি শরিয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবলনগর গ্রামে। তিনি জুরাইনেই থাকতেন এবং ফার্নিচারের দোকানে কাজ করতেন।
এরআগে, গত শনিবার বিকেল ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন শাহিন৷ গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এসময় তার সঙ্গে থাকা রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, শাহিন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন কয়েকজন পথচারী মিলে অটোরিকশায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।
তবে কে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম আহমেদ জানান, ওই এলাকায় দায়িত্বরত অবস্থায় তিনি জুরাইনে গুলির ঘটনার খবর পান। পড়ে হাসপাতালে এসে ভুক্তভোগীর খোঁজ খবর নেন। ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


