ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থায় কোনো অসুবিধা হলে প্রধান বিচারপতিকে অবহিত করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থা বুধবার থেকে কার্যকর হয়েছে। এতে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রধান বিচারপতিকে অবহিত করব। আবার যদি এতে অভ্যস্ত হয়ে যাই, সেটাও বলব। এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। পরে আবার নিয়মিত আদালতের দিকে যাবে সর্বোচ্চ আদালত।
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টে বুধ থেকে বৃহস্পতিবার দুদিন ভার্চ্যুয়াল কোর্ট চালুর পর বুধবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে গত দিনের তুলনায় ভার্চ্যুয়ালি আপিল বিভাগে মামলার কার্যক্রম গতিশীল মনে হয়েছে। আমি এখনো কোনো সমস্যা বোধ করিনি।’
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সুনির্দিষ্ট করে থাকেন। আদালতের পদ্ধতি, বিচারকদের দায়িত্ব বণ্টন থেকে শুরু করে সবকিছু তার ওপর নির্ভর করে। তিনি মনে করেছেন সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্ট সুবিধা হবে, সেই বিবেচনায় করেছেন।
‘আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই, ৭ এপ্রিল আমাদের ডেকে (বার সভাপতি সেক্রেটারিসহ) ভার্চ্যুয়াল কোর্টের কথা বলেছেন,’ তিনি বলেন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি পজিটিভ চিন্তা থেকে বলেছেন, দুই দিন করলে জ্বালানির ওপর কিছুটা চাপ কমবে। এর আগে ২০ এপ্রিল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে। রোববার হতে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।


