সারা দেশে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগের মাঠ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।
বিএনপি সূত্র জানায়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের সমস্যা ও সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এসব মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি একটি ধারাবাহিক বৈঠকের অংশ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই দলের চেয়ারম্যান তারেক রহমান এসব মতবিনিময় সভা করছেন। তিনি মাঠ পর্যায়ের নেতাদের কাছ থেকে সাংগঠনিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
শনিবারের বৈঠকে রংপুর মহানগর, রংপুর জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন।
এ ছাড়া বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গে একই ধরনের মতবিনিময় সভা করেন তারেক রহমান। বিএনপি জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গেও এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় নেতারা মনে করছেন, পট পরিবর্তনের পর সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ের নেতাদের সক্রিয়তা বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠনের কার্যক্রম জোরদার করা হচ্ছে।


