রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবু সালাম জানান, কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে জান্নাতিদের বাসা। তার বাবা মো. মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। আর মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন। ঘটনার আগ মুহূর্তে বাসার সামনের গলিতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল জান্নাতি। এ সময় তার মা বাসায় ছিলেন। তখন আরেক শিশু (খালা নার্গিসের ছেলে) জান্নাতিকে কোলে করে বাসার ভেতর নিয়ে আসে। তখন সে জানায়, গলিতে একটি অটোরিকশা জান্নাতির ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


