দেশের নিরাপত্তা নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে মব এবং সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশের তৎপরতা ও অপরাধ জগতের এক শীর্ষ সন্ত্রাসীর খুন হওয়ার ঘটনার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করল। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি হিসেবে আছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও আছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিআইএএফ) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএস আই) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক।
পাশাপাশি আরও ছয়জন অতিরিক্ত কর্মকর্তা এই কমিটির সদস্য হতে পারবেন। তাদের মধ্যে আছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার ট্যুরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অতিরিক্ত পুলিশ কমিশনারিজম ইউনিট।
সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্র ও পরিধি নির্ধারণ, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি নির্ধারিত সংশ্লিষ্ট বিষয়ের ওপর একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারক করবে এই কমিটি।
এ ছাড়া, কমিটি নির্ধারিত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্য পরিধি ও ক্ষেত্র নির্ধারণ, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি-বিধান সংশোধন ও সংস্কার এবং নতুন আইন ও বিধি-বিধান প্রণয়নে সুপারিশ করতে পারবে এই কমিটি।


