রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আল-আমিন (২৭) এবং মো. সোহান হোসাইন (২৬)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং ৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


