রাজশাহীর চারঘাটে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার শ্বশুর শমসের আলী (৬০)ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তার শ্বশুর শমসের আলী মৃত রেকাত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম জানান, বাড়িতে ভ্যান চার্জ দিতে একটি বৈদ্যুতিক তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়েছিল। দুপুর ১টার দিকে ওই তারে ভেজা কাপড় মেলতে গেলে তানিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


