কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, এ অঞ্চল রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিলে আমির হাতামি একে ‘বিপজ্জনক রসিকতা’ হিসেবে অভিহিত করেন।
ইরানের সেনাপ্রধান বলেন, ‘ইরানকে নিয়ে এ ধরনের রসিকতা করা একটি বড় ভুল। কারণ, এটি ইরান। আর এ দেশে এমন সব যোদ্ধা রয়েছেন, যারা আপনার পা ভেঙে দেবেন।’
আমির হাতামি দাবি করেন, মার্কিন বাহিনীকে এ অঞ্চল থেকে ‘কার্যকরভাবে বিতাড়িত’ করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের কোনো অনুমতি এখন আর তাদের নেই। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আর আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনো তা হতে দেবে না।
পূর্বে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে উভয় দেশই প্রণালিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের পাল্টাপাল্টি দাবি করে আসছে।
জাহাজ চলাচলকারী সংস্থাগুলোর মতে, বর্তমানে হাতে গোনা কয়েকটি ছাড়া স্বাভাবিক কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারছে না।
বর্তমানে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করলে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।
এর আগে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছিলেন, ‘টুইট করে, বিমানবাহী রণতরি পাঠিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।’
তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘অপরাধী’ ও ‘নির্বোধ’ বলেও আখ্যা দেন।


