সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে ও দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এবং ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও তাদের শিশুসন্তান সাহারা খাতুন এবং শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আলী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি স্থানীয় ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার যাত্রী মিতা ও তার মেয়ে সাহারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে দুজনেই মারা যান।
অন্যদিকে, বেলা ১১টার দিকে একই মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মো. আলী। পুলিশ দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করেছে।


