জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বিতর্ক চর্চায় অবদান ও সাংগঠনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বেস্ট এক্সিলেন্স পারফরম্যান্স’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জাবিপ্রবিকে এই বিশেষ পদকে ভূষিত করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রোকনুজ্জামান এই অর্জনকে শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও যুক্তিবাদী মনন বিকাশে জাবিপ্রবির প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এই অ্যাওয়ার্ড শুধু একটি স্বীকৃতি নয়, এটি আমাদের শিক্ষার্থীদের প্রজ্ঞা ও পরিশ্রমের প্রতি শ্রদ্ধা। আমরা বিতর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।’
এনডিএফবিডি কর্তৃপক্ষ জাবিপ্রবিকে দেশের বিতর্ক অঙ্গনে একটি অনুকরণীয় মডেল হিসেবে আখ্যায়িত করে তাদের প্রাতিষ্ঠানিক সমর্থন ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন মনে করেন, এই পুরস্কার ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বেশি করে বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের মাধ্যমে সুপরিচিত করে তুলবে।


