ঢাকার বিভিন্ন জায়গায় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্য রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১২টা ৫৪ মিনিটে সংবাদ আসে যাত্রাবাড়ীর রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ভোর ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে পার্কিং অবস্থায় রাইদা পরিবহন বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ২টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজায় রাইদা পরিবহনের বাসে আগুন লাগে। বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
এছাড়া বসুন্ধরা মেইন গেট ১০০ ফিট সড়কে রাত ২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।


