যৌন হয়রানি ও মারধরের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজাসহ আট জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরীসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলার আবেদন করেন প্রয়াত এক শিল্পপতির স্ত্রী। শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন সংশ্লিষ্ট আদালতের বিচারক আব্দুল মোক্তাদির।
মামলার আবেদনে অন্য অভিযুক্তরা হলেন- মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশিদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন ও মো. ছালাহউদ্দিন আব্বাসি।
মামলা আবেদনের নথিতে বলা হয়, ভুক্তভোগী নারী ঢাকায় ছয়তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য ২০০৬ সালে সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেন এবং সম্পূর্ণ নির্মাণ ব্যয় পরিশোধ করেন। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ভবন নির্মাণ শেষে তাকে বুঝিয়ে দেওয়া হয়। পরে ২০০৮ সালের ২৪ মার্চ তার স্বামী মারা গেলে, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড ও অন্য অভিযুক্তরা ওই সুযোগ নিয়ে ভবনটি দখলের চেষ্টা শুরু করেন।
ভুক্তভোগী ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই দেশের বাইরে অবস্থান করতেন। অভিযুক্ত ব্যক্তিরা ওই সময়ে জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলা দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতে থাকেন।
তারই জের ধরে ২০২৫ সালের ১৪ জুলাই তারা বাড়িটির দ্বিতীয় তলার ফ্ল্যাটগুলোর তালা ভাঙার চেষ্টা করে এবং ওই নারীর কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন।
এরপর ২০২৫ সালের ২৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ফের ওই বাড়িতে ঢুকে দারোয়ানকে মারধর করে এবং ওই নারীকে গালিগালাজ করতে থাকে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিচে নামলে অভিযুক্তরা তাকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা এবং যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান।


